শিশুদের ফাইমোসিস ও প্যারা-ফাইমোসিস
ফাইমোসিস কী?
ফাইমোসিস (Phimosis) হচ্ছে পেনিসের সামনের চামড়া বা প্রিপিউস যদি এতটা টাইট হয় যে সেটি সহজে পেছনে নেয়া যায় না। শিশুদের মধ্যে এটি খুব সাধারণ একটি অবস্থা। অনেক সময় এটি জন্মগতভাবেই থাকে এবং বয়সের সাথে সাথে স্বাভাবিকভাবে ঠিক হয়ে যায়। তবে বয়সের সাথে যদি চামড়া না খোলে, অথবা প্রস্রাবের সময় চামড়া ফুলে ওঠে—তাহলে চিকিৎসকের পরামর্শ জরুরি।
কেন হয়?
জন্মগতভাবে প্রিপিউস বা সামনের চামড়া টাইট থাকা
পুনঃপুন সংক্রমণ (Infection)
চিকিৎসা
শিশুদের ক্ষেত্রে প্রথম ধাপে সাধারণত মলম ও ম্যাসাজে ভালো ফল পাওয়া যায়। চিকিৎসকের পরামর্শে স্টেরয়েড ক্রিম ব্যবহার করা হয়, যা চামড়াকে নরম করে ও সহজে পেছনে নেয়া সম্ভব করে। অনেক ক্ষেত্রে চেম্বারে ম্যানুয়াল রিলিজ করে দেয়া সম্ভব হয়।
ম্যাসাজের সময় যা খেয়াল রাখবেন:
চামড়াকে ধীরে ধীরে ও কোমলভাবে পেছনে টানবেন
সম্পূর্ণ খোলার পর অবশ্যই আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবেন
জোর করা বা হঠাৎ করে টানা একদমই নয়
কখন সার্জারি দরকার হয়?
যদি ম্যাসাজ বা মলমে উন্নতি না হয়, অথবা ঘন ঘন সংক্রমণ বা ব্যথা হয়, তখন খৎনা (Circumcision) প্রয়োজন হয়। এটি স্থায়ী সমাধান।
সতর্কতা – প্যারা-ফাইমোসিস (Paraphimosis)
যদি ফাইমোসিসের সময় চামড়া সম্পূর্ণ পেছনে টেনে রেখে আবার আগের অবস্থায় না ফেরানো হয়, তাহলে রক্ত চলাচল বন্ধ হয়ে ফুলে যেতে পারে। এই অবস্থাকেই প্যারা-ফাইমোসিস বলা হয়, যা একটি সার্জিক্যাল ইমার্জেন্সি।
লক্ষণ:
পেনিসের মাথা ফুলে যাওয়া
ব্যথা বা প্রস্রাবে অসুবিধা
মাথার অংশ নীলচে বা কালচে হয়ে যাওয়া
যা করবেন না:
ঘরে বসে চামড়া জোর করে ফেরানোর চেষ্টা করবেন না
দেরি করবেন না
যা করবেন:
দ্রুত নিকটস্থ শিশু সার্জন বা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাবেন
সময়মতো চিকিৎসা না হলে পেনিসের রক্ত চলাচল বন্ধ হয়ে টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে
মনে রাখবেন
ফাইমোসিস সাধারণত ভয় পাওয়ার কিছু নয়। তবে ভুলভাবে পরিচর্যা করলে সেটিই জটিল আকার নিতে পারে। প্যারা-ফাইমোসিস হলে এটি জরুরি অবস্থা—সময়ই এখানে সবচেয়ে বড় বিষয়।
সতর্কতা (Disclaimer):
- আর্টিকেলটি শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
- সঠিক মূল্যায়ন ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
© Dr-Adnan Al Berunie
MBBS, MS (Pediatric Surgery)
SCHP (Paediatrics) Australia
Child Specialist & Pediatric Surgeon
Medical College for Women & Hospital (MCWH)
Share via:
